জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ইউপি সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দুই নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।২৮ সেপ্টেম্বর, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার জোড়খালী ইউনিয়নের চর জোড়খালী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার বিকালে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জোড়খালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য হামিদুর রহমান হামিদ খান (৪৫), একই ইউনিয়নের চর জোড়খালী এলাকার মালেক মণ্ডলের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হাসিজল (৪৫), সোহরাব আলীর ছেলে হাফিজুর (২৯) এবং মৃত রওশন আলীর ছেলে নায়েব আলী (৫০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ সেপ্টেম্বর, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে চর জোড়খালী এলাকায় নায়েব আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়িতে বসা জুয়ার আসর থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে তাদের কাছ থেকে নগদ টাকা, একাধিক বান্ডেল তাসসহ জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হামিদুর রহমান ও হাসিজলকে নাশকতার মামলাতেও গ্রেপ্তার দেখানো হয়েছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় এই প্রতিবেদককে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় তাদের বিরুদ্ধে জুয়া আইনে থানায় মামলা করা হয়েছে । ২৯ সেপ্টেম্বর বিকালে তাদের জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
খাদেমুল ইসলাম : নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ, বাংলারচিঠিডটকম 


















