জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৭ সেপ্টেম্বর, রবিবার দুপুরে পৌরশহরে অভিযান চালিয়ে তাকে আটক করে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ।
রেজাউল করিম সাবেক সংস্কৃতিমন্ত্রী ও জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ব্যক্তিগত সহকারীর (পিএস) দায়িত্ব পালন করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বে দায়ের করা একটি নাশকতা মামলায় অভিযান চালিয়ে ২৭ সেপ্টেম্বর দুপুরে তাকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এই প্রতিবেদককে বলেন, নাশকতা মামলার আসামি হিসাবে রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বিল্লাল হোসেন মন্ডল : নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম 


















