জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সেচপাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোবারক আলী (৫৫) নামে একজন কৃষক মারা গেছেন। ২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া গ্রামের মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রোবায়েত হোসেন বিপুল জানান, নিহত মোবারক আলী বাড়ির পাশে নিজ সেচপাম্প চালাতে যায়। তখন অসাবধানতাবশত: সেচপাম্পের ঝুলন্ত বিদ্যুতের তারে সাথে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। নিহত মোবারক আলী ওই গ্রামের মৃত বছির উদ্দিন মন্ডলের ছেলে। তিনি দুই সন্তানের জনক। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন এই প্রতিবেদককে বলেন, এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মমিনুল ইসলাম কিসমত : নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম 


















