জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় দুই ছেলে শিশুকে বলাৎকার ধর্ষণের অভিযোগে মাসুদ রানা নামে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনার পর থেকে মাসুদ রানা পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার এলাকার দুদু মিয়ার ছেলে মাসুদ রানা প্রতিবেশীর দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক ছেলে শিশুকে গত তিন মাস ধরে ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে বলাৎকার করে আসছিলেন। ২২ আগস্ট, শনিবার বিকালে ওই শিশুর এক ছেলে বন্ধুকে ঘরে ডেকে নিয়ে চেয়ারে বসিয়ে একইভাবে ধর্ষণের চেষ্টা চালান মাসুদ রানা। এই সময় শিশুটি চিৎকার দিয়ে ঘর থেকে দৌড়ে পালিয়ে নিজ বাড়িতে চলে যায়। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়।
এই ঘটনায় ভুক্তভোগী শিশুদের পরিবারের পক্ষ থেকে সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। পুলিশ অভিযোগটি গুরুত্বের সাথে আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করেছে। ভুক্তভোগীদের পরিবার ও এলাকাবাসী মাসুদ রানাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন এই প্রতিবেদককে বলেন, অভিযোগ পাওয়ার পর ২৯ আগস্ট, শনিবার থানায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী শিশুদের ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলাটির আসামি মাসুদ রানাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে।
মমিনুল ইসলাম কিসমত : নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম 


















