জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মাদকের টাকার জন্য পরিবারকে মারধরের দায়ে মাদকাসক্ত ইসমাইল হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
২ আগস্ট, রবিবার এই সাজা দেওয়া হয়। ইসমাইল হোসেন দেওয়ানগঞ্জ পৌরসভার চর ভবসুর ঠোটাপাড়া এলাকার গাড়িচালক সাত্তারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদকাসক্ত ইসমাইল হোসেন মাদকের টাকার জন্য নিয়মিত পরিবারের সদস্যদের উপর নির্যাতন চালাতেন। ২ আগস্ট বিকালে তিনি নিজ বাড়িতে মাদক সেবন করে টাকার জন্য স্বজনদের মারধর করতে থাকেন। একপর্যায়ে অতিষ্ঠ হয়ে পরিবারের লোকজন দেওয়ানগঞ্জ মডেল থানায় খবর দেন। থানা ওসি আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ স্বীকার করায় আসামি ইসমাইল হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন এই প্রতিবেদককে বলেন, উপজেলাজুড়ে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
বিল্লাল হোসেন মন্ডল : নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম 









