বিদ্যালয় থেকে ঝরে পড়ারোধ এবং শিশুদের বিদ্যালয়মুখী করার লক্ষ্যে জামালপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত ৭৯ জন শিক্ষার্থীর মাঝে জেলা প্রশাসনের উদ্যোগে বিনামূল্যে বিদ্যালয়ের নুতন স্কুল ড্রেস (ইউনিফর্ম) বিতরণ করা হয়েছে।
২০ জুলাই, সোমবার বেলা সাড়ে ১১টায় অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে নতুন স্কুল ড্রেস তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।
স্কুল ড্রেস বিতরণকালে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম, জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আলী আহসান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, দৈনিক সমকালের সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়টিতে মূলত শ্রমজীবী ও নিম্নআয়ের পরিবারের সন্তানেরা লেখাপড়া করে। অনেক শিক্ষার্থী লেখাপড়ার পাশাপাশি পরিবারের আর্থিক সহায়তায় বিভিন্ন কাজে যুক্ত থাকে। কেউ বাদাম বিক্রি করে, কেউ চা বিক্রি করে জীবিকা নির্বাহে পরিবারকে সহযোগিতা করে থাকে। আর্থিক সংকটের কারণে অনেকেরই স্কুল ড্রেস তৈরি করার সামর্থ্য ছিল না। ফলে অনেক শিক্ষার্থী অনিয়মিত হয়ে পড়ে। শিক্ষকদের নিয়মিত বাড়ি বাড়ি গিয়ে তাদের বিদ্যালয়ে নিয়ে আসতে হয়।
সম্প্রতি বিদ্যালয় পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী শিক্ষার্থীদের স্কুল ড্রেস না থাকার বিষয়টি লক্ষ্য করেন। পরে তিনি অভিভাবকদের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেসের ব্যবস্থা করার আশ্বাস দেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই ৭৯ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়।
নতুন স্কুল ড্রেস পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে। তাদের মাঝে বিদ্যালয়ে নিয়মিত আসার আগ্রহ লক্ষ্য করা যায়। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আবির বলেছে, এতদিন আমরা স্কুল ড্রেস ছাড়া স্কুলে এসেছি। আজ স্কুল ড্রেস পেয়ে খুব ভাল লাগছে। এখন নিয়মিত ক্লাসে উপস্থিত থাকব। একই শ্রেণির শিক্ষার্থী মৃত্তিকা বলেছে, আমরা স্কুল ড্রেস পেয়ে অনেক খুশি। আগে অন্য স্কুলের শিক্ষার্থীদের স্কুল ড্রেস দেখে খারাপ লাগত। এখন আমরাও ইউনিফর্ম পরে স্কুলে আসতে পারব। এতে লেখাপড়ার প্রতি আমাদের আগ্রহ আরও বেড়ে গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল নাহার এই প্রতিবেদককে বলেন, কিছুদিন আগে জেলা প্রশাসক স্যার আমাদের বিদ্যালয়ের ওয়াশ ব্লক উদ্বোধন করতে আসেন। তখন তিনি শিক্ষার্থীদের স্কুল ড্রেস না থাকার বিষয়টি দেখেন। পরে তিনি অভিভাবকদের সঙ্গে কথা বলে স্কুল ড্রেসের ব্যবস্থা করার আশ্বাস দেন। আজ সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়েছে। এই উদ্যোগ শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি ও পড়াশোনায় আরও উৎসাহিত করবে।
জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, আর্থিক সংকটের কারণে কোন শিশুর শিক্ষা যেন ব্যাহত না হয়। সে লক্ষ্যেই এই উদ্যোগ নেয়া হয়েছে। শিশুদের শিক্ষার মূলধারায় ধরে রাখতে জেলা প্রশাসনের এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, সীমিত আয়ের মানুষের ছেলে-মেয়েরা যাতে বিদ্যালয়র প্রতি এবং পড়ালেখার প্রতি অধিক আগ্রহী হয় সেই ব্যাপারে জেলা প্রশাসনের এই ধরনের উদ্যোগ গ্রহণ করে।
নিজস্ব প্রতিবেদক : বাংলারচিঠিডটকম 



















