দুর্যোগকালিন নারী ও শিশুর প্রতি সবধরণের নির্যাতনের ঝুঁকি নিরসনে লক্ষ্যে অংশীজনদের করণীয় বিষয় সামনে রেখে জামালপুরে জেন্ডারভিত্তিক সহিংসতা (জিবিভি) রোধে কার্যদল বা ওয়ার্কিং গ্রুপের সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন, বৃহস্পতিবার ইউএনএফপিএ এর সহযোগিতায় উন্নয়ন সংঘের ডিটিআরসিতে উন্নয়ন সংঘ এই সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক কামরুন্নাহার। সভা সঞ্চালনা করেন সংস্থার মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী এহছান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রোকোনুল ইসলাম, জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মাহবুবা, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোবেশ্বরা হক, জামালপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাজেদুর রহমান, ওয়ার্ল্ড ভিশনের জামালপুর এপির এরিয়া ম্যানেজার বিমল জেমস কস্তা, উন্নয়ন সংঘের জামালপুর এরিয়া প্রোগ্রামের ম্যানেজার মিনারা পারভীন, ব্র্যাক জেলা সমন্বয়ক শফিকুল ইসলাম, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান প্রমুখ।
সভায় ধারণাপত্র উপস্থাপনা করেন ইউএনএফপিএ এর জামালপুর প্রতিনিধি মো. আতাহার আলী। সভার লক্ষ্য উদ্দেশ্য বর্ণনা করেন উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি মোর্শেদ ইকবাল।

সভায় ধারণাপত্র বর্ণনা করতে গিয়ে ইউএনএফপিএ এর প্রতিনিধি আতাহার আলী বলেন, দুর্যোগকালীন ক্ষতিগ্রস্ত মানুষের দ্রুত সেবাদান করার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর তালিকা তৈরি করা, কেস ম্যানেজমেন্ট করা, সরকারি, বেসরকারিসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর দুর্যোগকালীন জিবিভি কাজের অভিজ্ঞতা ও কার্যবর্ণনাযুক্ত(সার্ভিস ম্যপিং) প্রোফাইল তৈরি করা, জিবিভি ওয়ার্কিং গ্রুপের নিকট সদস্য প্রতিষ্ঠানগুলোর নিয়মিত প্রতিবেদন জমা দেওয়া, নিয়মিত জিবিভি সংক্রান্ত তথ্য-উপাত্ত হোয়াটআপ গ্রুপে শেয়ার করা, নিয়মিত সভা করাসহ দুর্যোগকালীন দ্রুত সাড়া প্রদানে সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
উপস্থিত সবাই উল্লেখিত বিষয়গুলো নিয়ে গুরুত্বের সাথে কার্যসম্পদানে অঙ্গীকার করেন।
নিজস্ব প্রতিবেদক : বাংলারচিঠিডটকম 


















