সাত বছরের এক কন্যাশিশুকে ধর্ষণ মামলার রায়ে আসামি জাহিদুল ইসলাম জাহিদকে (২৬) ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। ঘটনার সময় ওই যুবকের বয়স ছিল ১৭ বছর। দীর্ঘ নয় বছর পর এ মামলার রায় হলো।
২২ জুন, সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন। সাজাপ্রাপ্ত জাহিদুল জামালপুর পৌরসভার ফুলবাড়িয়া গেটপাড় এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৭ অক্টোবর সন্ধ্যায় জামালপুর শহরের ফুলবাড়িয়া গেটপাড় এলাকার সাত বছরের এক শিশুকে বিস্কুট কিনে দেওয়ার লোভ দেখিয়ে সাহাপুর রেলওয়ে স্কুল মাঠে নিয়ে ধর্ষণ করে কিশোর জাহিদুল। এ সময় তাকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
এই ঘটনায় জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন ধর্ষণের শিকার শিশুটির বাবা। মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত মামলাটির একমাত্র আসামি জাহিদুল ইসলাম জাহিদকে ১০ বছরের আটকাদেশ দেন। রায় ঘোষণার সময় আদালতে আসামি জাহিদুল ইসলাম জাহিদ উপস্থিত ছিলেন না।
মো. আলমগীর : নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম 


















