ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরের পাঁচটিসংসদীয় আসনের সবগুলোতেই বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার মধ্যরাতে জেলা প্রশাসকের কার্যালয়ে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে জামালপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী এই ফলাফল ঘোষণা করেন। নির্বাচিতদের মধ্যে দু’জন সাবেক সংসদ সদস্য থাকলেও অপর তিনজন প্রথম বারের মত সংসদে যাবেন।
ঘোষিত ফলাফলে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত সাবেক এমপি ধানের শীষ প্রতীতে এক লাখ ৭৩ হাজর ৬৫৬টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদ নাজমুল হক সাঈদী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৮২০টি ভোট।
জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপির এ. ই সুলতান মাহমুদ বাবু সাবেক এমপি ধানের শীষ প্রতীকে নিয়ে ৯৫ হাজার ৮৬০টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মো. ছামিউল হক ফারুকী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬২ হাজার ৪৩৪টি ভোট।
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহসম্পাদক মো. মোস্তাফিজুর রহমান বাবুল ধানের শীষ প্রতীকে দুই লাখ সাত হাজার ৪১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মজিবুর রহমান আজাদী দাঁড়িপাল্লা প্রতীকে ৮১ হাজার ৪৩০টি ভোট পেয়েছেন।
জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম ধানের শীষ প্রতীকে এক লাখ ৪৭ হাজার ৪০৬টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুল আওয়াল দাঁড়িপাল্লা প্রতীকে ৪৪ হাজার ৯৪৭টি ভোট পেয়েছেন।
জামালপুর-৫ সদর উপজেলার ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন ধানের শীষ প্রতীকে নিয়ে ১ লাখ ৯৮ হাজার ২৯২টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতদ্বিন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন এক লাখ ১১ হাজার ৬৯৫টি ভোট।
মাহমুদুল হাসান মুক্তা : নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম 









