জামালপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাহাপুর তালতলা এলাকার বাসিন্দা জামালপুর দিনকাল পত্রিকার বার্তা সম্পাদক এবং জাতীয় দৈনিক স্বাধীন ভোর পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক মাহমুদুল হাসান মুক্তার বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা ও কম্পিউটার সেট লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
অভিযোগ সূত্রে জানা গেছে, সাংবাদিক মাহমুদুল হাসান মুক্তা ২০ জানুয়ারি, মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে সপরিবারে সিলেট ভ্রমণের উদ্দেশ্যে ভাড়াবাসা তালাবদ্ধ করে বের হন। ২৩ জানুয়ারি, শুক্রবার সকাল ৮টার দিকে তিনি জানতে পারেন তার বাসায় চুরি হয়েছে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে বাসায় ফিরে তিনি গ্রীলের গেট ও প্রধান দরজার তালা ভাঙা অবস্থায় পায়। ঘরের ভেতরে ঢুকে দেখা যায়, জিনিসপত্র এলোমেলো।
দুর্বৃত্তরা ঘরের ট্রাংকে রাখা নগদ এক লাখ টাকা, আনুমানিক ৬০ হাজার টাকা মূল্যের কম্পিউটার সেট, তিন হাজার টাকা মূল্যের একটি ইন্টারনেট রাউডার ও দামী কাপড়চোপড়সহ আনুমানিক প্রায় দুই লাখ টাকার মালামাল চুরি হয়েছে।
সাংবাদিক মাহমুদুল হাসান মুক্তা এ প্রতিবেদককে বলেন, ২০ জানুয়ারি বিকাল সাড়ে ৩টার পর থেকে ২৩ জানুয়ারি সকাল ৮টার মধ্যে কোন এক সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ভাড়াবাসায় ঢুকে চুরি করে। এ ঘটনায় আমি জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দিয়ে সাধারণ ডায়েরি করেছি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
নিজস্ব প্রতিবেদক : বাংলারচিঠিডটকম 



















