ঋণ বাতিল করে জলবায়ু অর্থায়নের দাবিতে জামালপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ২৮ জুন, শনিবার বেলা ১১টার দিকে জামালপুর শহরের জামালপুর-শেরপুর ব্রহ্মপুত্র সেতুর নীচে ঢাকা-জামালপুর মহাসড়কে গ্লোবাল ডে অ্যাকশন এর আওতায় ধরিত্রী রক্ষায় আমরা-ধরা এবং সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র-এসপিকে এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংবাদিক ও কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড জামালপুর জেলা শাখার সভাপতি এম এইচ মজনু মোল্লা। সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র-এসপিকে এর প্রধান নির্বাহী মোহাম্মদ এনামুল হকের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবা যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ডাক্তার মো. আমিনুল ইসলাম, মুক্তজীবন সংস্থার নির্বাহী পরিচালক মো. ছামিউল ইসলাম, সাংবাদিক এমদাদ মিলন, সমাজকর্মী আফরোজা পারভিন, এসডিও’র সদস্য মো. আব্দুল লতিফ প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশ বিশ্বে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। ঘূর্ণিঝড়, বন্যা, খরা, নদীভাঙন ও লবণাক্ততা আমাদের কৃষি, স্বাস্থ্য ও জীবিকা হুমকির মুখে ফেলেছে। দক্ষিণাঞ্চল, বরেন্দ্র অঞ্চল ও উপকূলীয় এলাকায় প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ হিসেবে ঋণ নয়, অনুদানভিত্তিক তহবিল বরাদ্দ দিতে হবে। নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের জন্য প্রযুক্তিগত সহায়তা ও অর্থ বরাদ্দ নিশ্চিত করতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অভিযোজনমূলক প্রকল্পে অর্থায়ন বাড়াতে হবে। উন্নত দেশগুলোকে কার্বন নিঃসরণ কমাতে বাধ্য করতে হবে।
এর আগে ঋণ নয়, জলবায়ু তহবিল চাই- বিষয়ক সারকথা উপস্থাপনা করেন তন্ময় ফারহান জিদান।মানববন্ধনে বিভিন্ন পেশাজীবী সংগঠন, সাংবাদিক, শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন এনজিওর সদস্যরা অংশ নেন।
নিজস্ব প্রতিবেদক : বাংলারচিঠিডটকম 



















