জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে অবৈধভাবে সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহার করছিলেন আট বছর ধরে। অবশেষে কর্তৃপক্ষের নজরে পড়ায় শেষ রক্ষা পেলেন না সরিষাবাড়ী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মো. বদিউজ্জামান উজ্জল। মিটার জব্দসহ বিদ্যুৎ চুরির অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সরিষাবাড়ী পৌর এলাকার সামর্থবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পিডিবি সূত্র জানায়, সামর্থবাড়ি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মো. বদিউজ্জামান উজ্জল প্রায় আট বছর ধরে তার বাড়িতে তার বাবার নামে নেয়া বৈদ্যুতিক সংযোগের পাশাপাশি আরেকটি অবৈধ সংযোগ স্থাপন করেন। দীর্ঘদিন অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করলেও দলীয় পদ ও পৌর কাউন্সিলর হওয়ার প্রভাবে পার পেয়ে যান তিনি। সম্প্রতি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের নজরে আসে বিষয়টি।
৯ মার্চ রবিবার দুপুরে পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান অভিযান চালিয়ে আওয়ামী লীগনেতা মো. বদিউজ্জামান উজ্জলের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও মিটার জব্দ করেন। পরদিন জামালপুর বিদ্যুৎ আদালতে তার বিরুদ্ধে বিদ্যুৎ আইন ২০১৮-এর ৩২ (১) ধারায় মামলা দায়ের করা হয়। মামলায় তিন লাখ ৮৩ হাজার ১৭৩ টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। এ অভিযানের পর থেকে আওয়ামী লীগ নেতা মো. বদিউজ্জামান উজ্জল পলাতক রয়েছেন।
সরিষাবাড়ী পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান ১৩ মার্চ বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য বিভিন্ন স্থানে অভিযান এবং অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিদ্যুৎ চুরি রোধ ও রাজস্ব আদায়ে এ অভিযান অব্যাহত থাকবে।
মমিনুল ইসলাম কিসমত : নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম 



















