জামালপুরে রাজিব পরিবহনের সকল বাস সার্ভিস বন্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সড়ক অবরোধের সময় পরিবহন শ্রমিকদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় একজন শ্রমিক আহত হয়েছেন। প্রতিবাদে জামালপুর থেকে সকল রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বাস-মিনিবাস মালিক সমিতি। ৩ মার্চ সোমবার দুপুরে জামালপুর পৌর শহরের আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ২ মার্চ রবিবার সকালে জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের জয়রামপুর এলাকায় জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে ঢাকা থেকে জামালপুরগামী রাজিব পরিবহনের একটি বাসের সাথে নান্দিনাগামী একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালক আবুল কাসেম নিহত হন।
রাজিব বাসের ধাক্কায় ওই অটোরিকশাচালকের মৃত্যুর ঘটনায় রাজিব পরিবহনের সকল বাস সার্ভিস বন্ধ ও জামালপুরের বাস সার্ভিস সংস্কারের ছয়দফা দাবিতে ৩ মার্চ দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখা জামালপুর আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। অবরোধ কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সদস্য সচিব আবিদ সৌরভের নেতৃত্বে ছাত্ররা অংশ নেন। ঘণ্টাব্যাপী অবরোধের একপর্যায়ে বাসের শ্রমিকদের সাথে বৈষম্যবিরোধী ছাত্রদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় মনির (৩২) নামে বাসের একজন শ্রমিক আহত হন। অবরোধ ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলাকালে শেরপুর-জামালপুর-টাঙ্গাইল রুটে ও জামালপুর জেলার সাত উপজেলার সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
এ ঘটনার প্রতিবাদে প্রশাসনের কাছে জেলার সকল বাস, চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সকল সড়কে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি। প্রায় দু’ঘণ্টা অবরোধ, পাল্টা অবরোধ ও উভয় পক্ষের উত্তেজনা শেষে সড়ক অবরোধ থেকে সরে আসে উভয় পক্ষ। কিন্তু রাজধানী ঢাকা-সহ সকল সড়কে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সদস্য সচিব আবিদ সৌরভ বলেন, অতিরিক্ত ভাড়া আদায়, যত্রতত্র যাত্রী উঠানামা, বাসের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনায় মৃত্যু, যাত্রীদের সাথে বাসের চালক ও শ্রমিকদের খারাপ ব্যবহার বন্ধ, বাসে সিসিটিভি ক্যামেরা লাগানোসহ জামালপুরের বাস সার্ভিস সংস্কারে ছয়দফা দাবি বাস্তবায়নের দাবি জানাচ্ছি। রাজিব পরিবহনের সকল বাস সার্ভিস বন্ধের দাবিতে আমাদের অবরোধ কর্মসূচি চলছে। আমাদের প্রধান দাবি রাজিব পরিবহনের সকল বাস বন্ধ রাখা, সেটা অব্যাহত রয়েছে। সাধারণ মানুষ রাজিব বাসের প্রতি খুবই ক্ষিপ্ত।
তিনি আরও বলেন, অবরোধের একপর্যায়ে পরিবহন শ্রমিকেরা ছাত্রদের উপর হামলা করে। এর প্রতিবাদে আমরা অবরোধ অব্যাহত রাখি। বাস মালিক সমিতি নিজেরা অবরোধ দিয়েছে কিনা তা জানি না।
এ ব্যাপারে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ এ প্রতিবেদককে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিছু ছাত্র সড়ক অবরোধ করে। মালিক সমিতি ও শ্রমিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করি। কিন্তু তারা আমাদের উপেক্ষা করে শ্রমিকদের সাথে বাদানুবাদে জড়িয়ে পরেন। একজন শ্রমিককে আহতও করে তারা। এ ঘটনার প্রেক্ষিতে বাস, চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সকল সড়কে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছি।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক এ প্রতিবেদককে বলেন, ছাত্র ও শ্রমিকদের অবরোধ-পাল্টা অবরোধের প্রেক্ষিতে উভয় পক্ষের সাথে যোগাযোগ করে সমস্যা সমাধানের চেষ্টা করছি।
আসমাউল আসিফ : নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম 



















