পিকনিকে যাওয়ার পথে বাসের জানালা দিয়ে মাথা বের করে বাইরের দৃশ্য দেখার সময় গাছের ধাক্কায় দশম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের বাঘমারা-সোনাকান্দর মোড়ে ২২ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ছাত্র মো. রাশেদুল ইসলাম (১৪) সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা গ্রামের সিদ্দিকুর রহমান ছেলে। ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সে।
প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, সকালে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে একটি বাসযোগে গাজীপুর সাফারি পার্কের উদ্দেশ্যে পিকনিকের জন্য রওনা দেই। বাসটি ছাড়ার কিছুক্ষণ পর শিক্ষার্থী রাশেদুল ইসলাম জানালা দিয়ে মাথা বের করে দেয়। এ সময় সরু রাস্তায় বাঘমারা-সোনাকান্দর মোড় বাসটি পার হতেই একটি গাছের সঙ্গে তার মাথায় ধাক্কা লাগে। তৎক্ষণাৎ তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পিকনিক বাতিল করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁদ মিয়া এ প্রতিবেদককে বলেন, লোকমুখে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে বাস ও তার চালককে আটক করা হয়েছে। কোনো অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মমিনুল ইসলাম কিসমত : নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম 



















