জামালপুরের ইসলামপুর উপজেলায় যমুনার দুর্গম চরাঞ্চলে অসামাজিক কর্মকাণ্ডের মূলহোতা সাপধরী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল হামিদকে আটক করে আদালতে পাঠিয়েছে ইসলামপুর থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, উপজেলার সাপধরী ইউপির কাঠমা কৃষ্ণ নগর এলাকার মৃত জাকেদ আলী প্রমাণিকের ছেলে আব্দুল হামিদ দীর্ঘ ২০/২২ বছর ধরে চর এলাকায় অবৈধ যাত্রাপালা, নাটক জুয়াসহ নানান অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত ছিল।
দীর্ঘদিন ধরে তার নেতৃত্বে সাপধরী ইউপি ও সারিয়াকান্দি থানা সীমান্ত টগারচর এলাকায় অবৈধ অসামাজিক যাত্রাপালা ও জুয়ার আসর চলে আসছিল। এতে ওই দুর্গম চরাঞ্চলের সামাজিক অবক্ষয়সহ চুরি, ডাকাতি আশঙ্কা ও আতঙ্কে দিন কাটছিল এলাকাবাসীর।
এলাকাবাসীর আতঙ্কের খবরে ৫ ডিসেম্বর বৃহস্পতিবার গভীর রাতে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অসামাজিক যাত্রা পালার স্টেজসহ অন্যান্য সরঞ্জামাদি আগুনে পুড়িয়ে দেয়।
পরে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ডাকাত আব্দুল হামিদকে আটক করে শুক্রবার দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।
এ ব্যাপারে ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ এ প্রতিবেদককে বলেন, চর এলাকার ত্রাস, অশ্লীল যাত্রাপালাসহ অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদকে গ্রেপ্তার করে শুক্রবার আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। তার বিরুদ্ধে চাঁদা দাবি, সন্ত্রাসী কার্যকলাপ, অরাজকতা পরিস্থিতি সৃষ্টির অপরাধে সে-সহ চারজন এজাহার নামীয় ব্যক্তির বিরুদ্ধে ওই এলাকার মো. হুমায়ুন কবীর বাদী হয়ে ইসলামপুর থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছেন।
লিয়াকত হোসাইন লায়ন : নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম 



















