জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় শিয়ালের কামড়ে সাতজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
২৭ অক্টোবর রবিবার সন্ধায় উপজেলার মহাদান ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। এরপর থেকে এলাকাগুলোতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
আহতরা হলেন- শোভন মিয়া (১৪), পারভেজ মিয়া (২১), সেলিম রেজা (৪৫), কাঞ্চন মিয়া (৩০), সাপে বারিক (৪৫), রশিদ খান (৬০) ও মরিয়ম বেগম (৬০)। আহতরা সবাই উপজেলার মহাদান ইউনিয়ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় ও আহতদের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার মহাদান ইউনিয়ন এলাকায় সন্ধ্যার দিকে কয়েকটি শিয়াল রাস্তায় রাস্তায় এলোপাতাড়ি ঘুরে বেড়াচ্ছিল। এরমধ্যে একটি পাগলা শিয়াল হঠাৎ মানুষের ওপর চড়াও হয়। এরপর থেকে শিয়ালটি ওই এলাকায় একজন নারীসহ সাতজনকে কামড়ে আহত করে।
এ ব্যাপারে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, রবিবার সন্ধ্যায় শিয়ালের কামড়ে আহত হয়ে সাতজন রোগী চিকিৎসা নিতে আসেন। এদের মধ্যে চারজন চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যায়। বাকি তিনজনের অবস্থা গুরুতর আহত হওয়ায় তাদেরকে জামালপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মমিনুল ইসলাম কিসমত : নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম 



















