জামালপুরের বকশীগঞ্জে রুকন সম্মেলন করেছে উপজেলা জামায়াত। ১৫ আগস্ট, শুক্রবার বেলা ১১টার দিকে পৌর শহরের কোহিনূর আদর্শ দাখিল মাদরাসায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বকশীগঞ্জ উপজেলা জামায়াতের আমির শফিকুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকী। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জামালপুর-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আইনজীবী নাজমুল হক সাঈদী ও জামালপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুস সাত্তার।
বকশীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আউয়ালের সঞ্চালনায় রুকন সম্মেলনে আরও বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক কর্মকর্তা আনোয়ার হোসেন ফুয়াদ ও উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি রবিউল হাসান রিশাদ।
রুকন সম্মেলনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থী নাজমুল হক সাঈদীকে বিজয়ী করার লক্ষ্যে দিকনির্দেশনা দেওয়া হয়। জনগণের মন জয় করতে নেতা-কর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশনা দেওয়া হয়। একই সাথে সম্মেলনে আগামী নির্বাচনে পিআর পদ্ধতির গুরুত্ব নিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করতে বার্তা দেওয়া হয়।
সম্মেলনে ৯০ জন রুকন সদস্যসহ দলীয় নেতা-কর্মীরা অংশ নেন।
জিএম ফাতিউল হাফিজ বাবু : নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম 


















