বাণিজ্যিক মোটরযানের অর্থনৈতিক আয়ুষ্কাল ২০ ও ২৫ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর করাসহ আট দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। দাবি না মানলে আগামী ১২ আগস্ট, মঙ্গলবার ভোর ৬টা থেকে সারাদেশে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট পালন করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।
ধর্মঘট বাস্তবায়নে ১০ আগস্ট, রবিবার সন্ধ্যায় জামালপুর পৌর বাসটার্মিনালে বাস, মাইক্রোবাস, সিএনজি ও ট্রাক মালিকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা একাত্মতা প্রকাশ করে ধর্মঘট সফল করার আহ্বান জানান।
জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম জার্নিস দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং জেলার প্রতিটি রুটে একই সময়ে পরিবহন বন্ধ রাখা হবে। আট দফা দাবি বাস্তবায়নই এখন পরিবহন খাতের টিকে থাকার শর্ত, আর এজন্য ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া উপায় নেই। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি তাদের দাবির মধ্যে লাইসেন্স নবায়ন প্রক্রিয়া সহজীকরণ, টোল মওকুফ, অতিরিক্ত কর প্রত্যাহারসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করেছে বলে জানান তিনি।
বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ, আব্দুস সোবহান , শ্রমিক নেতা সুজনসহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ পরিবহন সংশ্লিষ্টরা এ সভায় অংশ নেন।
মাহমুদুল হাসান মুক্তা : নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম 


















