জামালপুর জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ১২ জুলাই, শনিবার দিনব্যাপী জামালপুর হ্যাণ্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। জামালপুর জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সভাপতি ও জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম-পিপিএম। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, ফুটবল খেলার মাঠে একজন রেফারি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি। একজন রেফারিকে তখন কিন্তু জাজের ভূমিকায় থাকতে হয়। এজন্যই একজন রেফারিকে খুবই দক্ষ হতে হয়। তাকে একজন ফুটবলারের মতোই ফিট থাকতে হয়। একজন রেফারিকে কিন্তু মাঠে দৌড়াতে হয়।
পুলিশ সুপার আরও বলেন, আজকে রেফারিদের জন্য বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণের অনেক গুরুত্ব আছে। তাই প্রশিক্ষণকে আপনারা গুরুত্ব দিবেন। আপনারা জানেন যে ফুটবল খেলা পরিচালনায় প্রতিনিয়ত নিয়ম পরিবর্তন হয়। এই প্রশিক্ষণ থেকে আপনারা সেই বিষয়গুলো জানতে পারবেন। একজন রেফারিকে খুবই সতর্ক থাকতে হয়। তাকে কোন অবস্থাতেই ভুল করা যাবে না। যেকোনো জায়গাতেরই প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগানো যায়। জামালপুর জেলার রেফারিদের দক্ষ করে গড়ে তোলার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন পুলিশ সুপার।

ময়মনসিংহ বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও জামালপুর শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস.এম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফের রেফারিজ ডিপার্টমেন্টের হেড অব রেফারি মো. আজাদ রহমান, বাংলাদেশ ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, জামালপুর জেলা ক্রীড়া কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আফরিন আক্তার মনি, জামালপুর জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা ও শেরপুর জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ বদরুল হক রিজভী।
এর আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের জামালপুর জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতেই সদ্য প্রয়াত জামালপুরের বিশিষ্ট ক্রীড়াবিদ আক্তারুজ্জামান আউয়ালের স্মরণে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
পরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফের রেফারিজ ডিপার্টমেন্টের আয়োজনে আজামালপুরের রেফারিদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়।
মোস্তফা মনজু : জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম 



















