এবারের এসএসসি পরীক্ষার পাসের হারে ময়মনসিংহ বোর্ডের মধ্যে জামালপুর জেলা সবার শীর্ষে অবস্থান করছে। জামালপুর জেলায় পাশের হার শতকরা ৬০.১৯। এই বিভাগের চারটি জেলার মধ্যে সবার নিচে অবস্থান করছে শেরপুর জেলা। ১০ জুলাই, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আনুষ্ঠানিকভাবে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শহীদুল্লাহ্।
ময়মনসিংহ বোর্ড সূত্রে জানা গেছে, ময়মনসিংহ বোর্ডের অধীনে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুর জেলা। এই চার জেলার মধ্যে জামালপুর জেলার পাশের হার শতকরা ৬০.১৯। জামালপুর জেলা থেকে মাধ্যমিক ২৫ হাজার ৯৭৭ জন অংশ নিয়ে পাশ করেছে ১৫ হাজার ৬৩৬ জন। এই বোর্ডের অধীনে জামালপুর জেলায় সর্বমোট জিপিএ ফাইভ (এ+) পেয়েছে এক হাজার ৫১৬ জন।
জেলায় ১৫৮ জন শিক্ষার্থী জিপিএ ফাইভ (এ+) পেয়ে জিপিএ ফাইভ এর দিকে থেকে প্রথম অবস্থানে রয়েছে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আবার জামালপুর জিলা স্কুল থেকে জিপিএ ফাইভ (এ+) পেয়েছে ১৪৫ জন।
এছাড়াও ময়মনসিংহ জেলার পাশের হার শতকরা ৫৭.৯০, নেত্রকোনা জেলার পাশের হার শতকরা ৫৯.৫৮, শেরপুর জেলার পাশের হার শতকরা ৫৩.৭৪। ময়মনসিংহ জেলা থেকে মাধ্যমিক পরীক্ষায় ৪৬ হাজার ৯৫ জন অংশ নিয়ে পাশ করেছে ২৬ হাজার ৬৯১ জন। নেত্রকোনা জেলা থেকে মাধ্যমিক পরীক্ষায় ১৯ হাজার ৪১৯ জন নিয়ে পাশ করেছে ১১ হাজার ৫৬৯ জন। শেরপুর জেলা থেকে মাধ্যমিক পরীক্ষায় চৌদ্দ হাজার ৬০ জন অংশ নিয়ে পাশ করেছে সাত হাজার ৫৬০ জন।
নিজস্ব প্রতিবেদক, মেলান্দহ, বাংলারচিঠিডটকম 


















