জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আন্ত:নগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয় জনসাধারণ।
৪ মে, সোমবার বিকালে সরিষাবাড়ীর জগনাথগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা ভুয়াপুর স্টেশনগামী আন্ত:নগর জামালপুর এক্সপ্রেস ট্রেন থামিয়ে তারা এই কর্মসূচি পালন করেন।
এ সময় কর্মসূচির আয়োজক এ কে এম ফজলুল হক বলেন, বর্তমানে সরিষাবাড়ী–ময়মনসিংহ–ঢাকা রেলপথে যমুনা, অগ্নিবীণা ও জামালপুর এক্সপ্রেস- এই তিনটি আন্তঃনগর ট্রেন চলাচল করছে। এর মধ্যে অগ্নিবীণা ট্রেন ঢাকা থেকে ছেড়ে ট্রেনটি তারাকান্দিতে পৌঁছাতে বিকাল হলেও, ঢাকায় ফিরতে ফিরতে গভীর রাত হয়ে যায়। এতে ট্রেন থেকে নেমে যাত্রীদের ছিনতাইসহ নানা নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে হচ্ছে।
তিনি আরও বলেন, অগ্নিবীণা ও জামালপুর এক্সপ্রেসের যেকোনো একটি ট্রেনের সময়সূচি পরিবর্তন করে ঢাকা থেকে রাতে ও জামালপুর থেকে ভোরে ছাড়ার ব্যবস্থা করতে হবে। জামালপুর এক্সপ্রেসকে আগের রুটে ফিরিয়ে যমুনা সেতু (পূর্ব) দিয়ে চলাচল নিশ্চিত করতে হবে। এ ছাড়াও বন্ধ থাকা ধলেশ্বরী ট্রেন পুনরায় চালু করতে হবে এবং সেটিকে যমুনা সেতু (পশ্চিম) স্টেশন পর্যন্ত বর্ধিত করলে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে।
তিনি আরও বলেন, অগ্নিবীণা ও জামালপুর এক্সপ্রেস ট্রেন দীর্ঘদিন ধরে যাত্রীদের চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। অল্প সময়ের ব্যবধানে ট্রেন দু’টি চলাচল করায় যাত্রী স্বল্পতা দেখা দিচ্ছে। ফলে রেল কর্তৃপক্ষকেও লোকসান গুণতে হচ্ছে। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
এ সময় আরও বক্তব্য রাখেন শাহিনুর রহমান ও আব্দুল করিম প্রমুখ।
মমিনুল ইসলাম কিসমত : নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম 

















