গাজীপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পোশাককর্মী রুবাইয়া আক্তার বিনা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন বাট্টাজোড় বীরগাঁও গ্রামবাসীর উদ্যোগে ২৭ নভেম্বর, বুধবার বেলা ১২ টায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী মোসাদ্দেকুর রহমান মানিক, যুগ্মসমন্বয়কারী তৌহিদুজ্জামান তৌহিদ, উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক শাহরিয়ার আহমেদ সুমন, নিহত গৃহবধূ বিনার বাবা সুলতান মাহমুদ, ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক হাসান মাহমুদ, উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি রেজুয়ান সিদ্দিকী প্রমুখ।
এ সময় উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী মোসাদ্দেকুর রহমান মানিক বলেন, ৪৮ ঘন্টার মধ্যে পোশাককর্মী রুবাইয়া আক্তার বিনা হত্যায় জড়িত তার স্বামী জুয়েল মিয়া ও অন্যান্যদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তা না হলে বৃহত্তর কর্মসূচির আয়োজন করা হবে।
এর আগে ১৭ নভেম্বর, সোমবার গাজীপুরের গাছা থানাধীন বড়গাছি এলাকায় একটি ভাড়া বাসা থেকে পোশাককর্মী রুবাইয়া আক্তার বিনার মরদেহ উদ্ধার করে পুলিশ। তার পরিবারের অভিযোগ তার স্বামী জুয়েল মিয়া তাকে হত্যা করেছেন।
জিএম ফাতিউল হাফিজ বাবু : নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম 



















