ড. মোহাম্মদ সরোয়ার হোসেন ও আসিফ মাহতাব উৎসকে হত্যার হুমকি ও এলজিবিটি (সমাকামিতা) সন্ত্রাসের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন করেছে ছাত্র-জনতা। ১৮ আগস্ট, সোমবার বিকালে জামালপুর শহরের দয়াময়ী মোড়ে ছাত্র-জনতার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মুফতি আবু জোবায়েরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আল আবরা ইসলামীক রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি আলা উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সাধারণ সম্পাদক আল আমিন রুহানি, জামিয়া ইসলামিয়া খুনুনিয়া মাদরাসার পরিচালক মুফতি হাফিজুর রহমান, সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী সাদ ইবনে ইলিয়াস, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী মো. ইসমাঈল হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ড. মোহাম্মদ সরোয়ার হোসেন ও আসিফ মাহতাব উৎসকে যেভাবে প্রকাশ্য দিবালোকে হত্যার হুমকি দেওয়া হয়েছে আমরা এর বিচার চাই। অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। ভারতের দাসত্ব ও গোলামী থেকে মুক্ত হয়ে ওয়াশিংটনের দাসত্ব করার জন্য ৩৬ জুলাই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয় নাই। আমরা বলতে চাই গণঅভ্যুত্থান হয়েছিল আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায়, ইসলাম রক্ষায়, মুসলমানদের জানমাল ইজ্জত রক্ষায়।
তারা আরও বলেন, ড. মোহাম্মদ সরোয়ার হোসেন শুধু একজন শিক্ষক নন। তিনি একজন মানবসেবার মহৎ মানুষ। যার সেবামূলক কাজে সকল বাংলাদেশী মানুষ উপকৃত হচ্ছে। ড. মোহাম্মদ সরোয়ার হোসেন ও আসিফ মাহতাব উৎসকে প্রকাশ্যে যারা হত্যার হুমকি দিয়েছে তাদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। তা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধনে জামালপুরের বিপুল সংখ্যক ছাত্র-জনতা অংশ নেন।
মো. আলমগীর : নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম 



















