জামালপুরে মাদক মামলার রায়ে আসামি এক ভাইকে যাবজ্জীবন কারাদন্ড ও আরেক ভাইকে খালাস দিয়েছেন আদালত। ২৪ মার্চ সোমবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ মো. আবুবকর সিদ্দিক এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আসামি ভুট্টু মিয়া ও খালাসপ্রাপ্ত আমাসি মনু মিয়া দুই সহোদর। তারা বকশীগঞ্জ উপজেলার চরকাউরিয়া সীমারপাড় এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর সোমবার গোপন তথ্যের ভিত্তিতে বকশীগঞ্জ উপজেলার চরকাউরিয়া সীমারপাড় এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ভুট্টু মিয়াকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পলিথিনে মোড়ানো ৩১ গ্রাম হেরোইন জব্দ করা হয়। তার সহোদর মনু মিয়া পালিয়ে যান। পরে দুই ভাই ভুট্টু মিয়া ও মনু মিয়ার বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। তারা একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই বছরের ২৬ নভেম্বর মঙ্গলবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় ১১ জন সাক্ষীর মধ্যে নয়জনের সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এ কারণে অতিরিক্ত দায়রা জজ মো. আবুবকর সিদ্দিক ভুট্টু মিয়াকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেন। এছাড়া মনু মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসু খালাস দেন। তবে রায় ঘোষণাকালে আদালতে আসামি ভুট্টু মিয়া উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি আইনজীবী এ কে এম নাজমুল হুদা এবং আসামি পক্ষ সমর্থন করেন আইনজীবী মো. মোকাম্মেল হক।
আসমাউল আসিফ : নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম 



















