শেরপুরের নকলা উপজেলায় চন্দ্রকোনা-নারায়ণখোলা মহাসড়কে অবৈধভাবে গাছের গুঁড়ি রেখে সড়ক দখল ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে পাঁচজনকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
৩০ অক্টোবর, শুক্রবার দুপুরে মহাসড়ক আইন, ২০২১ অনুযায়ী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এই অর্থদণ্ড দেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম।
জরিমানাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- উপজেলার চরমধুয়া গ্রামের মারুফ হাসান, জুয়েল, স্বপন, শাহীন ও সোহেল রানা। তাদের মধ্যে মারুফ হাসান, জুয়েল, স্বপন ও শাহীনকে এক হাজার টাকা করে এবং সোহেল রানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে জরিমানার পরিমাণ ৫৪ হাজার টাকা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মহাসড়কের উপর অবৈধভাবে গাছের গুঁড়ি রেখে জায়গা দখল এবং যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টির অভিযোগে এই অভিযান পরিচালনা করা হয়। মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি ও জননিরাপত্তা বিঘ্নিত করার দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. নাদিউর রহমান। তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অভিযান সফল করতে এসআই মাজহারুল ইসলামসহ পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনা প্রতিরোধ এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলার চিঠি ডেস্ক : 








