জুলাই-আগস্ট ২০২৪ এর ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে জামালপুরে গণ-মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই দলের সদর ও শহর শাখার আয়োজনে গণমিছিলটি অনুষ্ঠিত হয়।
৫ আগস্ট, মঙ্গলবার সকালে জামালপুর শহরের ফৌজদারি মোড় থেকে এক গণমিছিল বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলায় গিয়ে শেষ হয় মিছিল। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী জামালপুর শহর শাখার আমীর খন্দকার মুকাদ্দাস আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী জেলা শাখার আমীর মাওলানা মুহাম্মাদ আব্দুস সাত্তার, সেক্রেটারি আইনজীবী আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি অধ্যাপক সুলতান মাহমুদ, শহর শাখার সেক্রেটারি অধ্যক্ষ মিছবাহুর রহমান কাওছার, ছাত্রশিবির জেলা শাখার সেক্রেটারি আসাদুল ইসলাম, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি অধ্যক্ষ জিয়াউল কবির, জেলা বায়তুলমালের সেক্রেটারি আইনজীবী ছামিউল হক, সদর উপজেলা শাখার সেক্রেটারি রেজাউল করিম নোমান প্রমুখ।
এ সময় মানুষের নাগরিক অধিকার সাম্য এবং মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য সংবিধান সংস্কার অপরিহার্য বলে জানান বক্তারা।
গণ-মিছিলে সদর উপজেলা ও শহর শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মো. আলমগীর : নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম 


















