জামালপুরের বকশীগঞ্জের সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে চোরাই পথে নিয়ে আসা প্রায় পাঁচ লাখ জিলেট ব্লেড উদ্ধার করেছে র্যাব-১৪। অভিযানের সময় এই চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. সাদ্দাম হোসেন ও মো. আবুল খায়ের নামের দু’জন চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার চোরাকারবারি মো. সাদ্দাম হোসেন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার খরমা মধ্যপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে ও মো. আবুল খায়ের দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া এলাকার মো. আসাদুজ্জামানের ছেলে।
১৬ জুলাই, বুধবার সকাল সাড়ে ১০টায় জামালপুর র্যাব ক্যাম্পে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমাণ্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এ টি এম আমিনুল ইসলাম এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে কোম্পানি কমাণ্ডার এ টি এম আমিনুল ইসলাম জানান, বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাইক্রোবাসে করে ভারতীয় বিদেশী পণ্য অবৈধভাবে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে ঢাকার পথে রওনা হয় চোরাকারবারিরা। এই গোপন তথ্যের ভিত্তিতে ১৫ জুলাই ভোর সাড়ে ৫টায় সদর উপজেলার বিনন্দেরপাড়ায় রোকেয়া ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট পরিচালনা করে র্যাব-১৪।
এ সময় চার লাখ ৭৪ হাজার জিলেট ব্লেড উদ্ধারসহ একটি মাইক্রোবাস জব্দ করা হয়। চোরাচালানে জড়িত থাকায় মাইক্রোবাসের ড্রাইভারসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়। জব্ধ করা ব্লেডগুলোর আনুমানিক মূল্য প্রায় ২৩ লাখ ৭০ হাজার টাকা।
মো. আলমগীর : নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম 


















