জামালপুরে নিখোঁজের তিনদিন পর বালুচাপা অবস্থায় জয়নাল আবেদিন নয়ন (৪০) নামের একজন আইসক্রিম বিক্রেতার মরদের উদ্ধার করেছে পুলিশ। ২১ মে, বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের ফকিরবাড়ি বালুঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জয়নাল আবেদিন নয়ন সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের ছোট জয়রামপুর গ্রামের মো. জলিল মিয়ার ছেলে। তিনি ফেরি করে আইসক্রিম বিক্রি করতেন। জয়নাল আবেদিন নয়ন গত তিনদিন থেকে নিখোঁজ ছিলেন।
নিহতের মা জবেদা বেগম বলেন, গত তিনদিন আগে বাড়ি থেকে বের হয়ে জয়নাল আবেদিন আর বাড়ি ফিরেনি। ২১ মে বাড়ির পাশের বালুর ঘাট থেকে আমার ছেলের লাশ পাইছি। আমার ছেলে হত্যার বিচার চাই।
অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন এ প্রতিবেদককে বলেন, ব্রহ্মপুত্র নদের তীরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখে স্থানীয়রা। খবর পেয়ে নিহতের মা জবেদা বেগম মরদেহ দেখে তার ছেলে নয়নকে শনাক্ত করে। পরে স্থানীয়রা ৯৯৯ এ ফোন করে পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
ইয়াহিয়া আল মামুন আরও বলেন, সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মুত্তাছিম বিল্লাহ : নিজস্ব প্রতিবেদক, মেলান্দহ, বাংলারচিঠিডটকম 


















