শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় ১২ দিনের ব্যবধানে নিখোঁজ হওয়া ৬ মাদরাসা শিক্ষার্থীর মধ্যে তিনজনকে পুলিশ ও স্বজনদের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে। ৮ জুন, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলার পাশ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজার বড় মসজিদ থেকে তাদেরকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া শিশুরা হল- উপজেলার পাঁচগাঁও গ্রামের উকিল মিয়ার ছেলে রাব্বানী (১১), মানিক মিয়ার ছেলে তোফায়েল (১২) ও আব্দুল আওয়ালের ছেলে রাসেল (১৩)।
এর আগে ৭ জুন, রবিবার দুপুরে একসাথে পাঁচগাঁও ইক্বরা মডেল হাফেজিয়া মাদরাসার এই তিন শিক্ষার্থী একযোগে নিখোঁজ হয়। এরপর ৮ জুন তাদের অভিভাবকেরা নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করলে পুলিশ তাদেরকে উদ্ধার করতে তৎপর হয়।
৮ জুন বিকালে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল আফসান আল আলম ও নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান ফোর্স নিয়ে নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে মাঠে নামেন। সন্ধ্যার পর তিনানী বাজার বড় মসজিদে তাদেরকে পাওয়া যায়। বর্তমানে ওই শিক্ষার্থীদেরকে তাদের পরিবারের হেফাজতে পাঠানো হয়েছে।
শেরপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো. আফসান আল আলম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন যে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
মুগনিউর রহমান মনি : নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম 


















