জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২ অক্টোবর, শুক্রবার সকালে ডাংধরা ইউনিয়নের কুমারের চর এলাকা থেকে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা এসব মাদক উদ্ধার করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাথরের চর বিওপির একটি টহল দল সীমান্ত ১০৭৬ নম্বর পিলারের কাছাকাছি কুমারের চর এলাকায় অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৮৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। মদের আনুমানিক বাজার মূল্য দুই লাখ ৭৯ হাজার টাকা। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান এই প্রতিবেদককে বলেন, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা মাদকের বিষয়ে দেওয়ানগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
বিল্লাল হোসেন মন্ডল : নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম 


















