জামালপুর-২ (ইসলামপুর) আসনের ১১ দলীয় জোটের এমপি প্রার্থী ড. সামিউল হক ফারুকী বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের অধিকার নিশ্চিত করা হবে। তাদের সম্মানের আসনে রাখা হবে। কারণ তারা আমাদের ‘মা’। তাদের স্বাধীনতা নিশ্চিত করব।
৮ ফেব্রুয়ারি বিকালে জামালপুরের ইসলামপুর সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের উদ্যোগে এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ক্ষমতার রাজনীতি নয়। মানুষের অধিকার প্রতিষ্ঠাই জামায়াতের রাজনীতির মূল লক্ষ্য। ইসলামপুরকে দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক এলাকায় পরিণত করা হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মানুষ বাংলাদেশের পরিবর্তন চায়। জামায়াত ক্ষমতায় গেলে নদীভাঙন রোধ, কৃষকদের উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতসহ প্রশিক্ষণের মাধ্যমে বেকারদের হাতে কাজ তুলে দেওয়া হবে।
তিনি বলেন, ইসলামপুরবাসী এবার অন্যায়ের বিরুদ্ধে রায় দিয়ে ইনশাআল্লাহ ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দেবে। এবারের নির্বাচন কোন সাধারণ নির্বাচন না। এবার দুটি ভোট। একটি হ্যাঁ ভোট। হ্যাঁ মানে আজাদি। না মানে গোলামি। হ্যাঁ ভোট মা-বোনদের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাবে। আপনারা প্রথম ভোটটা হ্যাঁ-তে দেবেন। দ্বিতীয়টা ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীকে দিয়ে ইনসাফ কায়েম করবেন।
ইসলামপুর উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ রাশেদুজ্জামানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ছামিউল হক, জেলা শূরা সদস্য মাওলানা আমজাদ হোসেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রহমান ওমর, চেয়ারম্যান মশিউর রহমান বাদল, উপজেলা শিবিরের সাবেক সভাপতি আজিজুর রহমান, পৌর আমির মাসুম, সেক্রেটারি মোতাসিম বিল্লাহ, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মনির হোসেন, জামায়াত নেতা আলী হোসেন, উপজেলা শিবির সভাপতি আরিফুল ইসলাম, সেক্রেটারি ইহসানুল বারী আম্মার প্রমুখ।
ইসলামপুর উপজেলা সেক্রেটারি আবু মুছার সঞ্চালনায় জনসভা শেষে ড. সামিউল হক ফারুকীর নেতৃত্বে একটি বিশাল গণমিছিল বের হয়। গণমিছিল ইসলামপুর সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
লিয়াকত হোসাইন লায়ন : নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম 



















