”সবার আগের বাংলাদেশ ধানের শীষে আস্থা অশেষ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্পে প্রায় দুই হাজার অসহায় দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। ৪ ফেব্রুয়ারি, বুধবার দিনব্যাপী উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা বালুর মাঠে ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ড্যাব) জেলা শাখা এবং জেলা বিএনপির সহযোগিতায় এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম এই বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন।
ড্যাব জামালপুর জেলা শাখার সমন্বয়ক এবং নাক, কান, গলা ও হেডনেক বিশেষজ্ঞ সার্জন ডাক্তার মো. কামরুল হাসানের সার্বিক পরিচালনায় ক্যাম্পে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ, সহ-সভাপতি নাজমুল হুদা খান উজ্জ্বল, সহ-সভাপতি লিয়াকত আলী, উপজেলার বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান বাবলু, ডোয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম, যুবদলের সভাপিত সালে আকরাম পল্লব, সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, ছাত্রদলের সভাপতি লিটন মিয়া প্রমুখ।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার দেবাশীষ রাজ বংশী, মেডিকেল অফিসার ডাক্তার রবিউল ইসলাম, ডাক্তার তরিকুল ইসলাম রনিসহ মেডিসিন বিশেষজ্ঞ, বক্ষবিধি বিশেষজ্ঞ, দন্ত রোগ বিশেষজ্ঞ, চর্ম ও যৌন বিশেষজ্ঞ, নাক-কান, গলা বিশেষজ্ঞ, সার্জারি বিশেষজ্ঞ, অর্থ সার্জারি, চক্ষু বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ ও গাইনী বিশেষজ্ঞ ১০ জন ডাক্তার এই চিকিৎসাসেবা দেন। পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা বলেন, বিনামূল্যে চিকিৎসা সেবা আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। আমাদের মত গরিব মানুষেরা টাকা খরচ করে চিকিৎসা গ্রহণ করা খুব কষ্টের। আমার চাই প্রতি মাসে মাসে এমন ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হোক।
আয়োজক কমিটির সদস্যরা বলেন, আসছে আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করলে এই রকম বিনামূল্যে চিকিৎসা সেবার কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত রাখা হবে।
মমিনুল ইসলাম কিসমত : নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম 



















