জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তোজাম্মেল হক (৫০) নামে এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নিহত হয়েছেন। ৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার বিকালে উপজেলার আদারভিটা ইউনিয়নের বাজিতেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তোজাম্মেল হক উপজেলার সিধুলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের চরপাকেরদহ ফকিরপাড়া এলাকার মৃত আব্দুর রশিদ ফকিরের ছেলে।
জানা গেছে, ৩ ফেব্রুয়ারি বিকালে তোজাম্মেল হক সিধুলী ইউনিয়ন পরিষদ থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বালিজুড়ী-ভাটারা সড়কের বাজিতেরপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনারস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় কবলিত অপর মোটরসাইকের চালক ঘটনার পরপর মোটরসাইকেল রেখে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তোজাম্মেল হকের মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ প্রতিবেদককে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
খাদেমুল ইসলাম : নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ, বাংলারচিঠিডটকম 



















