জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে নির্বাচনে প্রচার প্রচারণার সময় কর্মী-সমর্থকদের হুমকি এবং নির্বাচনী অফিস বন্ধ করে দেওয়ার অভিযোগ করছেন আসনে ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থী আইনজীবী আব্দুল আওয়াল।
৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার বিকালে উপজেলার সাতপোয়া মন্ডল মোড় এলাকায় জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি৷
লিখিত বক্তব্যে আইনজীবী আব্দুল আওয়াল বলেন, সরিষাবাড়ী আসনে প্রতিপক্ষ একটি বৃহৎ দল থেকে নির্বাচনী পরিবেশকে কলুষিত করা হচ্ছে। তাদের নির্বাচনী প্রচারণা চালাতে কর্মীদের বাঁধা, হুমকি, শারীরিক আঘাত ও এলাকা ছাড়ার হুমকি দেওয়া ও নির্বাচনী অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ যে তালিকা প্রশাসনের পক্ষে করা হয়েছে, তা ঠিক নয়। আর সহকারী প্রিজাইডিং ও প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগের রাজনৈতিক দলের সম্পৃক্ততার অভিযোগও রয়েছে। হুমকিদাতাদের গ্রেপ্তার করার দাবির পাশাপাশি নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসনের সহযোগিতা চাই।
এ সময় জামালপুর জেলা এনসিপির সদস্য সচিব ডাক্তার মোশারফ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক মুফতি মোখলেছুর রহমান জমিরি, জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি অধ্যক্ষ সুলতান মাহমুদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আইনজীবী আসিমুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা মনির উদ্দিন, সূরা সদস্য সহযোগী অধ্যাপক শামীম হোসাইন সোহেল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আক্তারুজ্জামান সোহাগসহ ১১ দলীয় কমিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মমিনুল ইসলাম কিসমত : নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম 



















