ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা সাদিকুর রহমান সিদ্দিকী শুভকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে ৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বেলা ১১টায় সশরীরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য বা ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
২ ফেব্রুয়ারি, সোমবার সন্ধ্যায় জামালপুর-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত সিভিল জজ আরিফ হোসাইন এ নোটিশ জারি করেন। নোটিশ সূত্রে জানা গেছে, সাদিকুর রহমান সিদ্দিকী শুভ গত ৩০ জানুয়ারি দুপুর আড়াইটার দিকে মাদারগঞ্জের হাওয়াই রোডে ‘কাপ-পিরিচ’ প্রতীকের সমর্থনে একটি নির্বাচনী মিছিলের সময় ড্রোন ব্যবহার করেছিলেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৯ (চ) এর সুস্পষ্ট লঙ্ঘন।
সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৯ (চ) তে বলা হয়েছে, কোন নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তৎকর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোন ব্যক্তি নির্বাচনী প্রচারণা ও ভোটগ্রহণের সময় কোন প্রকার ড্রোন, কোয়াডকপ্টার বা এইরূপ যন্ত্র ব্যবহার করিতে পারবে না।
অভিযোগের বিষয়ে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি সাদিকুর রহমান সিদ্দিকী শুভকে আগামী ৫ ফেব্রুয়ারি বেলা ১১টায় সশরীরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য বা ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন সিভিল জজ আরিফ হোসাইন।
খাদেমুল ইসলাম : নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ, বাংলারচিঠিডটকম 



















