বর্তমানে অন্যতম সামাজিক ব্যধি হিসেবে চিহ্নিত বাল্যবিয়ে ও শিশুশ্রমমুক্ত উপজেলা গড়ে তোলার লক্ষ্যে জামালপুরে বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রাম (এপি) ও জেসমিন প্রকল্প। এ আয়োজনে সহায়তা করে জামালপুর সদর উপজেলা প্রশাসন।
২ ফেব্রুয়ারি, সোমবার জামালপুর জেলা মডেল মসজিদের নীচতলার ফ্লোরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনিন আখতার।
উন্নয়ন সংঘের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ফাহাদ মাহমুদ ইবনে হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার স্বাগত সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সানোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন্নাহার, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্ত দিলরুবা আক্তার, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল গফুর, ইউএনএফপিএ এর জামালপুর প্রতিনিধি আতাহার হোসেন, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আক্তারুজ্জামান সিদ্দিকী, জেলা শিক্ষক সমিতির নেতা মো. আব্দুল্লাহ, দিগপাইত ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহাত হোসেন, ওয়ার্ল্ড ভিশনের জেসমনি প্রকল্পের ব্যবস্থাপক অসীম চ্যাটার্জি, জামালপুর এপির এরিয়া ম্যানেজার বিমল জেমস কস্তা, উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, এপি ব্যবস্থাপক মিনারা পারভীন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। সভায় ইমাম, শিক্ষক, কাজি, জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, সরকারি, বেসরকারি প্রতিনিধিসহ দুইশতাধিক ব্যক্তি অংশ নেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার বলেন, বাল্যবিয়ে শুধু একটি জীবন ধংস করে না। গোটা পরিবারের কান্নার কারণ হয়ে দাঁড়ায়। সরকার বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক ও আইনি প্রদক্ষেপ অব্যাহত রেখেছেন। এ অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তারা সবাই সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। আপনাদের কথা সবাই শোনেন। তাই বাল্যবিয়ে বন্ধে এবং শিশুশ্রম প্রতিরোধে আপনাদের বড় ভূমিকা আছে। কোথাও বাল্যবিয়ে হচ্ছে এমন খবর পাওয়ার সাথে সাথে আমাদের খবর দিতে হবে।বাল্যবিয়ে ও শিশুশ্রম বন্ধে উপস্থিত সবাই হাত তুলে অঙ্গীকার করেন।
উল্লেখ, ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘ বাল্যবিয়ে ও শিশুশ্রম প্রতিরোধে জামালপুর এরিয়া প্রোগ্রামের আওতায় বহুমাত্রিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ওয়ার্ল্ড ভিশনের জেসমিন প্রকল্প ও উন্নয়ন সংঘের সিডস কর্মমসূচি উল্লেখিত কার্যক্রম সফল বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করছে।এ ছাড়া সমমনা সংগঠন ও সরকারি, বেসরকারি সংস্থা, সমাজের বিভিন্ন শ্রেণি, পেশার প্রতিনিধিদের সমন্বিত উদ্যোগে সামাজিক জাগরণ সৃষ্টি করার কার্যক্রমও চলছে।
চলতি মাসের মধ্যে জামালপুর সদর উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের তালিকা সংগ্রহ, বিদ্যালয়ভিত্তিক কমিটি গঠন, উঠান বৈঠক, মসজিদে প্রতি জুম্মা নামাজের খুৎবা পাঠের আগে উদ্বুদ্ধমূলক বয়ানসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের জন্য বক্তারা মতামত দেন।
নিজস্ব প্রতিবেদক : বাংলারচিঠিডটকম 


















