জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলী ও কুলকান্দী ইউনিয়নে শীতার্ত হতদরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর জেলা ইউনিট এই শীতবস্ত্র বিতরণের আয়োজন করে। ১৩ জানুয়ারি, মঙ্গলবার দুপুরে উপজেলার জারুলতলা স্কুল মাঠ এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের এডহক কার্যনিবাহী কমিটির ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান জিলানীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (টিএনও) নাজমুল হোসেন, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি খায়রুল ইসলাম লিয়ন, ইউনিট লেভেল কর্মকর্তা জীবন কুমার বিশ্বাস প্রমুখ।
মাহবুবুর রহমান জিলানী বলেন, জেলা রেড ক্রিসেন্টের উদ্যােগে জামালপুর জেলায় বিভিন্ন স্থানে হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। আজ আপনাদের এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হল। এই শীতের সকালে শীতবস্ত্র নিতে আসার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ জানাই।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যরাও উপস্থিত ছিলেন।
মো. আলমগীর : নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম 



















