জামালপুরে পৃথক দুটি নারী ও শিশু নির্যাতন দমন মামলায় ৪ জন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন আদালত। ১৩ জানুয়ারি, মঙ্গলবার দুপুরে জামালপুর শিশু আদালত-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এই রায় ঘোষণা করেন।
আদালত সূত্র জানায়, নারী ও শিশু মামলা নং-২৯৩/২০২৩ এর রায়ে প্রধান আসামি মো. নয়নকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ১০ ধারায় দোষী সাব্যস্ত করে আট বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সাথে তাকে সত্তুর হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া এ মামলার অন্য দুই আসামি মো. আনোয়ার এবং মোছা. শাহনাজ পারভীন সুইটিকে ১০/৩০ ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড এবং বিশ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার সমুদয় টাকা ভুক্তভোগী মাহবুবা জান্নাত ইরা পাবেন বলে আদালতের আদেশে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, ইসলামপুর থানার অপর একটি মামলায় (নং-১৩১/২০২৩) স্ত্রীকে নির্যাতনের দায়ে মো. ফরিদ খন্দকার নামে এক ব্যক্তিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন একই আদালত। দণ্ডপ্রাপ্ত ফরিদ ইসলামপুরের চরচারিয়া গ্রামের মো. হোসেন আলীর ছেলে। তাকে আইনের ১১(গ) ধারায় দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। যা ভুক্তভোগী মোছা. সুবর্না আক্তার পিংকি পাবেন।
মামলাগুলোর রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর মো. ফজলুল হক মামলার রায়ের বিষয়গুলো নিশ্চিত করে বলেছেন, রায় ঘোষণার পর দণ্ডিত আদালতের নির্দেশে আসামিদের জেলহাজতে পাঠিয়েছে কোর্ট পুলিশ।
মাহমুদুল হাসান মুক্তা : নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম 



















