ঢাকা-৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ১৩ ডিসেম্বর, শনিবার দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সড়ক অবরোধ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
জুলাই ঐক্য বকশীগঞ্জ এর ব্যানারে প্রথমে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত বকশীগঞ্জ পৌর শহরের চৌরাস্তা মোড় অবরোধ করা হয়। চৌরাস্তা মোড়ে দেড় ঘন্টা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। এ সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হলে জনদুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে।
অবরোধ চলাকালে শাহরিয়ার আহমেদ সুমন, শহিদুল ইসলাম সানী, বায়জিদ আলামিন, সা’দ আহমেদ রাজু, লাদেন আকন্দ ও খন্দকার কাজল বক্তব্য রাখেন। পাশাপাশি বিক্ষুব্ধদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
জুলাই আন্দোলনে অংশ নেয়া শাহরিয়ার আহমেদ সুমন বলেন, ৪৮ ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার করতে হবে। ঘোষিত সময়ের মধ্যে শরিফ ওসমান বিদ হাদীর উপর হামলায় জড়িতরা গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন।
পরে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেনের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা।
জিএম ফাতিউল হাফিজ বাবু : নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম 



















