জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ভেলামারি পূর্বপাড়া দারুল উলুম ইসলামিয়া হেফজ মাদরাসা ও এতিমখানার প্রথম শ্রেণির ছাত্র হৃদয় (৮) নিহত হয়েছে। ৭ ডিসেম্বর, রবিবার বিকালে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ভেলামারি পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হৃদয় কড়ইচড়া ইউনিয়নের ভেলামারি পূর্বপাড়া গ্রামের ফরিদুল ইসলাম হংকংয়ের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, ৭ ডিসেম্বর বিকাল ৫টার দিকে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলছিল শিশু হৃদয়। তখন একটি মাহিন্দ্র ট্রাক্টর একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যালয় মাঠে ঢুকে পড়ে। এতে মাঠে অবস্থানরত শিশু হৃদয়কে চাপা দেয় গাড়িটি। এতে হৃদয় গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির প্রতিবেশী দাদা সালাউদ্দিন শাহীন এ প্রতিবেদককে জানান, বিকালে হৃদয় স্কুল মাঠে খেলছিল। মাহিন্দ্র ট্রাক্টরটি একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাঠে ঢুকে পড়ে। এত ট্রাক্টরচাপায় শিশুটি গুরুতর আহত হলে হাসপাতালে নেয়ার পথেই সে মারা যায়।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ এ প্রতিবেদককে বলেন, ঘটনাটি শুনেছি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।
খাদেমুল ইসলাম : নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ, বাংলারচিঠিডটকম 



















