সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনা করে জামালপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর, বুধবার বিকেলে শহরের ফৌজদারী মোড়ে জামালপুর জেলা বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জামালপুর শহরের বড় মসজিদের খতিব মাওলানা মো. আব্দুল্লাহ।
দোয়া মাহফিলের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া বিগত স্বৈরাচার সরকারের মিথ্যা মামলায় কারাগারে বন্দি ছিলেন। মিথ্যা মামলায় তিনি জেল, জুমুল, নির্যাতন সহ্য করেও গণতন্ত্র ও দেশের মানুষের স্বার্থে আপস করেননি। কিন্তু স্বৈরাচার পতনের পর যখন নতুন করে গণতন্ত্রের অভিযাত্রা শুরু হবে সেসময় তিনি গুরুতর অসুস্থ। দোয়া করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে নেতা-কর্মীদের মাঝে ফিরে আসেন। দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেন। দল-মত নির্বিশেষে খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করছি।
জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লিয়াকত আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, বর্তমান কমিটির যুগ্মসাধারণ সম্পাদক আহসানুজ্জামান রুমেল, খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি ও সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলন প্রমুখ।
মো. আলমগীর : নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম 


















