জামালপুরের সরিষাবাড়ীর ডোয়াইল ইউনিয়ন বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী ওলামাদল। ৯ নভেম্বর, রবিবার রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের পরমানন্দপুর চৌরাস্তা এলাকায় অস্থায়ী দলীয় কার্যালয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানান তারা।
সংবাদ সম্মেলনে ডোয়াইল ইউনিয়ন ওলামা দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি তাওহিদুল ইসলাম বলেন, ৩ নভেম্বর, সোমবার গোবিন্দপুর বাজারে তাকে দুর্বৃত্তরা মারধর করে। বিষয়টি স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের উপর দায় চাপিয়ে দিয়ে কিছু কুচক্রীমহল সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে দেয়। বিষয়টি দলীয় কোন বিষয় নিয়ে নয়। ডোয়াইল ইউনিয়ন বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ অপপ্রচার চালানো হচ্ছে। এটাকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান তিনি।
তিনি আরও বলেন, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীমের পক্ষে কাজ করে যাওয়ার ঘোষণা দেন তিনি।
এতে আরও বক্তব্য রাখেন উপজেলা ওলামা দলের সভাপতি খন্দকার আল আমিন হোসেন, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. রেজাউল করিম, ডোয়াইল ইউনিয়ন ওলামা দলের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রনজু প্রমুখ। এ সময় ইউনিয়ন বিএনপি, যুবদল ছাত্রদলসহ ওলামা দলের নেতা-কর্মীরা অংশ নেন।
মমিনুল ইসলাম কিসমত : নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম 


















