শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী আমবাগান এলাকা থেকে এক হাজার টাকার ২১ টি জাল নোটসহ মেহেদী হাসান (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ৮ নভেম্বর, শনিবার রাতে তাকে আটক করা হয়। মেহেদী উপজেলার মধ্যমকুড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে আমবাগান এলাকায় অভিযান চালিয়ে মেহেদীকে আটক করা হয়েছে। তবে এ সময় তার দুই সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। পরে মেহেদীর দেহ তল্লাশি করে এক হাজার টাকা মূল্যের ২১টি জাল নোট উদ্ধার করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা এ প্রতিবেদককে বলেন, মেহেদীর কাছ থেকে ২১টি জাল নোট উদ্ধার করা হয়েছে। নোটগুলো এতটাই নিখুঁত যে, খালি চোখে সেগুলো শনাক্ত করা কঠিন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মুগনিউর রহমান মনি : নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম 


















