জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপি দলীয় মনোনীত এমপি প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সুলতান মাহমুদ বাবুর আগমন উপলক্ষে বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর, বৃহস্পতিবার ইসলামপুর থানা মোড়ের বটতলা মোড়ে এই পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভাস্থল উপচেপড়া জনসমাগমে পরিণত হয়। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপিসহ অঙ্গ ও সহযোগী দলের হাজারও নেতা-কর্মী ব্যানার, ফেস্টুন, ধানের শীষ প্রতীক ও ফুলের তোড়া নিয়ে অংশ নেন নেতা-কর্মীরা। বটতলা মোড়ে সাবেক এমপি সুলতান মাহমুদ বাবুকে নেতা-কর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান।
উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে প্রার্থী সুলতান মাহমুদ বাবু এতে বক্তব্য রাখেন। তিনি বলেন, ইসলামপুরের মাটি ও মানুষের সঙ্গে আমার আত্মার বন্ধন। বিএনপি জনগণের দল। তাই দল ও দেশের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যেতে হবে।
পথসভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরল ইসলাম নবাবসহ স্থানীয় নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
লিয়াকত হোসাইন লায়ন : নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম 


















