জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সিমান্তবর্তী মুনসুরনগর বামুনজানি এলাকায় স্থানীয় বিএনপির কার্যালয় ভাংচুর করে তালা ঝুলিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় ১৮ ডিসেম্বর বুধবার দুপুরে বামুনজানি দলীয় কার্যালয় সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
প্রতিবাদ সভায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, ১৭ ডিসেম্বর মঙ্গলবার সন্ধায় মুনসুরনগর ইউনিয়নের বামুনজানি এলাকায় স্থানীয় বিএনপির কার্যালয়ে ঢুকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমানের সম্বলিত ছবি ছিঁড়ে ফেলে দুর্বৃত্তরা। এছাড়াও কার্যালয়ের চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে দরজায় তালা ঝুলিয়ে দেয়। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে বিচার দাবি করে বুধবার দুপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আশিক মাহমুদ, ইউনিয়ন যুবদলের সদস্য শফিকুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সদস্য রেদুয়ান সরকার রিংকু, আসাদুল ইসলাম প্রমুখ।
মমিনুল ইসলাম কিসমত : নিজস্ব প্রতিবেদক, সরিষাবাড়ী, বাংলারচিঠিডটকম 



















